,

শিরোনাম

মাদক ছেড়ে খেলার মাঠে যুবসমাজ: আলফাডাঙ্গায় ব্যতিক্রমী উদ্যোগে কদমতলা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে খেলাধুলা ও পড়াশোনারমুখী করার এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ফরিদপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এ্যাডভোকেট হেমায়েত হোসেন। যুবসমাজকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে তাঁর এই মহতী ভাবনার অংশ হিসেবেই আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হলো জমজমাট ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

​কদমতলা বিপ্লবী যুব সংঘের সার্বিক সহযোগিতা ও কদমতলা যুব সমাজের আয়োজনে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ রোজ শনিবার বিকেল চারটায় শুরু হওয়া এই ম্যাচে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ১-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।

​টানটান উত্তেজনার এই ফাইনাল খেলাটির ধারাভাষ্য দেন বোয়ালমারী থেকে আগত বিশিষ্ট ধারাভাষ্যকার শরীফ আল আমিন সোহান। হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

​খেলার শুভ উদ্বোধনের আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্যে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন টুর্নামেন্টের উদ্বোধক এ্যাডভোকেট হেমায়েত হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম। চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকো এজেন্সির ম্যানেজিং ডাইরেক্টর মো. মিকাইল সরদার, পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মো. অলিয়ার রহমান সিকদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খাঁন, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।

​এছাড়া টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও এস. এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)। স্থানীয় আয়োজক ও বিশিষ্টজনদের এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকার যুবসমাজকে যেমন খেলাধুলায় আরও বেশি উদ্বুদ্ধ করবে, তেমনি সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়