কৃষকের সবজি ক্ষেতের উপর ছায়লা ও বেড়া দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ
লালমনিরহাটঃপ্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষকের সবজি ক্ষেতের উপর ছায়লা ও বেড়া দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার(৩০ মে) দুপুরে বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক আব্দুর রশিদ।
কৃষক আব্দুর রশিদ আদিতমারী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।
অভিযোগে জানা গেছে, গত প্রায় ৪০ বছর আগে ৪৬ শতাংশ জমি ক্রয় করে বসতি গড়ে তুলেন জাহেদ আলী। তার মৃত্যুর পর সেই বসত বাড়িসহ জমিতে চাষাবাদ করছেন তার ছেলে আব্দুর রশিদ ও আব্দুর রহিম। সেই জমি নিজেদের দাবি করে দখলে নেয়ার হুমকী দেন প্রতিবেশি মুকুল মিয়া, আব্দুল হক ও সিদ্দিকরা তিন ভাই ও তাদের লোকজন। এ ঘটনায় ন্যায় চেয়ে আদালতে মামলা দায়ের করেন আব্দুর রশিদ। আদালত মামলাটি আমলে নিয়ে ওই জমির উপর ১৪৪/৪৫ ধারা জারি করে জমিতে না যেতে উভয় পক্ষকে নির্দেশ দেন।
আদালতের সেই নির্দেশ অমান্য করে গত শুক্রবার দিনগত মধ্যরাতে তাদের বাড়ির প্রবেশ পথসহ সবজি ক্ষেত টিনের বেড়া দিয়ে ঘিরে মাঝে একটি ছায়লা গড়ে তুলে দখলের চেষ্টা করেন মুকুল গংরা। শনিবার সকালে আব্দুর রশিদরা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির প্রবেশ পথে বেড়া দিয়ে যাতায়ত বন্ধ করা হয়েছে। সবজি ক্ষেতের উপর গড়ে তোলা হয়েছে টিনের ছায়লা তুলেছে। তখন তারা তা সড়াতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় মুকুল গংরা। এতে আব্দুর রশিদের ভাই আব্দুর রহিম আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের যাতায়তের পথে আংশিক খুলে দিয়ে ওই জমিতে না যেতে নির্দেশ প্রদান করেন। এ ঘটনার বিচার চেয়ে কৃষক আব্দুর রশিদ দখলকারী মুকুল মিয়াকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আব্দুর রশিদ জানান, জমিটি আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে। তারা আমার ভাইয়ের উপর হামলা করে গুরুতর জখম করেছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
প্রতিপক্ষ মুকুলের ছেলেরা বলেন, আমাদের পুর্ব পুরুষের জমি তারা অবৈধ ভাবে দখল করে ভোগ করছিল। আজকে আমরা আমাদের জমিতে বেড়া দিয়েছি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।