বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মার্কিন স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী জুলাই মাসে সীমিতসংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে যেখানে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির।

হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তা জানায়, নতুন নকশার এই পাসপোর্ট যে কোনো মার্কিন নাগরিক আবেদন করলে পাওয়া যাবে, তবে তা সীমিত সময় ও সরবরাহের ওপর নির্ভর করবে। এছাড়া, এই বিশেষ পাসপোর্ট কেবল ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সি থেকেই সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত একটি নকশায় দেখা যায়, পাসপোর্টে ট্রাম্পের ছবি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা ও জাতীয় পতাকার মাঝে স্থাপন করা হয়েছে, একইসঙ্গে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর দেওয়া রয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন দেশপ্রেমিক পাসপোর্ট ডিজাইন আমেরিকার ২৫০তম জন্মদিন উদ্‌যাপনে অংশ নেওয়ার আরেকটি অনন্য উপায়। বর্তমান মার্কিন পাসপোর্টে দেশের ইতিহাসের বিভিন্ন দৃশ্য যেমন চাঁদে অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীক দেওয়া থাকে।

এই স্মারক পাসপোর্টটি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক একাধিক উদ্যোগের অংশ, যেখানে বিভিন্ন সরকারি কর্মসূচি ও স্থাপনায় প্রেসিডেন্টের নাম ও প্রতিচ্ছবি যুক্ত করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলের শুরুতে হোয়াইট হাউস ‘আর্ক অব ট্রাম্প’ নামে একটি বিশাল স্বর্ণাভ বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনাও প্রকাশ করে। তবে, ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার এই স্থাপনার প্রাথমিক অনুমোদন মিললেও জনসাধারণ ও সংরক্ষণবাদীদের কাছ থেকে এর ব্যাপক সমালোচনা এসেছে।

এছাড়া, হোয়াইট হাউস ভবনে পরিবর্তন আনার অংশ হিসেবে পূর্ব দিকের অংশ ভেঙে একটি বলরুম নির্মাণের পরিকল্পনাও নিয়েছেন ট্রাম্প। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়