পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন জাপা নেতা
সংবাদের আলো ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড় ধরনের ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার ডাকবাংলা বাজারের পাশে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
স্থানীয় রাজনীতির সমীকরণে এ ঘটনাকে ‘বড় চমক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।
আতাউর রহমান সরকারের সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন।
তিনি একাধারে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাপার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন।
তার মতো একজন ‘হেভিওয়েট’ নেতার দলবদলকে সাঘাটায় জাতীয় পার্টির জন্য বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছয় নম্বর ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।