ভূঞাপুরে নবজাতকের মৃত্যু: সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি পরিদর্শিকার
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নবজাতকের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়ার অভিযোগ ওঠে পরিবার কল্যাণ পরিদর্শকার বিরুদ্ধে।
নরমাল ডেলিভারি করতে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বিরুদ্ধে।
এসব বিষয়ে তথ্য জানার জন্য ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে ফেলে দেয়া এবং বাড়িতে গিয়ে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ ওঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি গোবিন্দাসীর এক গর্ভবতী মায়ের ডেলিভারি করানোর সময়ে সন্তানের মৃত্যু হয় এবং গত ৫ আগস্ট কষ্টাপাড়া গ্রামের এক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়।
এই তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কোরবান আলী তালুকদার ভিডিও ধারণ করলে ওই পরিদর্শিকা সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন ওই পরিদর্শিকা। এছাড়া ওই পরিদর্শিকা সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকিও দেন। নরমাল ডেলিভারির নামে হাসপাতালে নিজের নিয়মেই চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন বলেও জানা যায়।
এবিষয়ে মৃত নবজাতকের স্বজনরা জানান- অভিযুক্ত পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি সাংবাদিক ও অন্য কাউকে জানাতে মানা করেছেন।
পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা দুইজন নবজাতকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। সাংবাদিককে গালিগালাজ ও হাত পা ভেঙ্গে ফেলার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন- দুপুরে আমি আমার কক্ষে কাজ করতেছিলাম। হঠাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আপার কন্ঠে গালিগালাজ শুনতে পাই। পরে সাংবাদিকদের ফোনের ভিডিও দেখে তাকে হুমকির বিষয়টি জেনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহমিনা তাবাসসুম বলেন, সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ভিডিও দেখেছি। তাকে আগামীকাল অফিসে ডাকা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।