,

শিরোনাম

ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহ আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকার ইসলামী আন্দোলনের

সংবাদের আলো ডেস্ক: ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহ আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ইশতেহার পাঠে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ও কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা হবে। শরীয়াহ মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। এছাড়ও নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামই সবচেয়ে কার্যকর নীতি বলে মন্তব্য করেন দলটির আমির।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ ও সম্মানজনক প্রতিনিধিত্ব, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষাপূর্ণ বৈষম্যহীন ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন মুফতি রেজাউল করীম।

তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড, ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ দেওয়া এবং বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালু করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

এছাড়াও সকল প্রতিবেশী রাষ্ট্র ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়