,

শিরোনাম

ঢাকা-আশুলিয়া রুটে স্বস্তি: টোলমুক্ত দুটি সার্ভিস সেতু উন্মুক্ত

সংবাদের আলো ডেস্ক: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ৩ দশমিক ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি নতুন সার্ভিস সেতু আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতু দুটির উদ্বোধন করেন।

মূল এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে সাভার, আশুলিয়া ও ঢাকার মধ্যকার দীর্ঘ যানজট এবং যাত্রীভোগান্তি লাঘবে এই বিকল্প সড়ক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। নবনির্মিত সেতু দুটি সম্পূর্ণ টোলমুক্ত রাখা হয়েছে, যেখানে সাধারণ যানবাহনের পাশাপাশি পথচারীরাও চলাচল করতে পারবেন। তবে সেতুতে যান চলাচলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট উচ্চতা সীমা (হাইট ব্যারিয়ার) নির্ধারণ করে দেওয়া হয়েছে; নির্ধারিত উচ্চতার বেশি ভারী যানবাহন এসব সেতুতে উঠতে পারবে না।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা ইপিজেড থেকে আশুলিয়া হয়ে কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি যুক্ত হবে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল, বনানী, তেজগাঁও হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ একটি নিরবচ্ছিন্ন উড়ালসড়ক নেটওয়ার্ক তৈরি হবে।

সাভার ও বাইপাইল এলাকার যানজট নিরসনে বাইপাইল মোড়ে একটি মাল্টি-লেভেল ইন্টারচেঞ্জ, বিমানবন্দরে প্রবেশের জন্য বিশেষ র‍্যাম্প এবং মেট্রোরেলের এমআরটি লাইন-১ স্টেশনে যাতায়াতের জন্য পৃথক সংযোগ নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৬৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ৫৬ দশমিক শূন্য ২ শতাংশ।

২০১৭ সালে শুরু হওয়া মেগা প্রকল্পটির কাজ ২০৩০ সালের জুনে পুরোপুরি শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন’-এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই উড়ালসড়কটি চালু হলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় শূন্য দশমিক ২১৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়