নারী নিয়ে ভাইরাল এক্স পোস্ট: ঢাবি-রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমিরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি এক্স পোস্টের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নিজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে ছাত্র সংগঠনটি।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা জামায়াত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামায়াতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে। তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিংয়ের নাটক সাজাচ্ছে।
নেতারা আরও বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী; যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের অবমাননা করেছেন জামায়াত আমির। এ ঘটনার তীব্র নিন্দা জানায় ছাত্রদল।
এদিকে রাবি ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ ছাত্রনেতারা বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে যে পোস্ট দিয়েছেন, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। জামায়াতে আমির পুরো সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়া মনোভাব ব্যক্ত করেছেন। আমরা এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন, জামায়াত আমিরকে এই ঘটনার জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামীতে কঠোর আন্দোলনে নামবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।