মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যারা বেকার ভাতা দিতে চায়, তারা যুবসমাজকে অপমানিত করতে চায়

সংবাদের আলো ডেস্ক: যারা বেকার ভাতা দিতে চায় প্রকৃতপক্ষে তারা যুবসমাজকে অপমানিত করতে চায় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন।

জামায়াতে ইসলামীকে অনেকেই গুপ্ত সুপ্ত বলেন। এ বিষয়ে আমির বলেছেন, অতীতের কথা বাদই দিলাম। অতীতে কে কী করেছে— তা নিয়ে অনেকে গুপ্ত, সুপ্তসহ আরও কত কিছু যে বলে, তার কোনো সীমা নেই। যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়ে ছিলেন, তারাই আজ মজলুমদের নিয়ে এসব বলছেন। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকালে সেটাই ভালো হবে। অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন।

তিনি বলেন, আমরা যেদিকে আগাতে চাই, কোনো কোনো দল সামনে গিয়ে বাধা দিয়ে দেয়। আমাদেরকে আগাতে দেয় না। তার সাক্ষী— এই ১২ তারিখে গণভোট হবে। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভোট হবে, বলে যে গণভোট আবার কিসের? ধাক্কা খেয়ে যখন মানল তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারে না, হতে হবে নির্বাচনের সঙ্গে। 

গণভোট বিষয়ে তিনি আরও বলেন, আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, তাহলে গণভোটটা সুন্দর হবে এবং জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর হবে। তাদের দাবি পূরণ করা হলো। তখন বলে আমরা গণভোট মানি না। এতদিন চিল্লাপাল্লা করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে— আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানো ফ্যাসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এ হলো ঠ্যালার নাম বাবাজি! এই জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।

জামায়াত আমির বলেন, যুবসমাজের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দেয়া হবে না। যুবসমাজ জাস্টিস ছেয়েছিল বেকার ভাতা চায়নি। তাই যারা বেকার ভাতা দিতে চায় প্রকৃতপক্ষে তারা যুবসমাজকে  অপমানিত করতে চায়। আমরা যুবসমাজের হাতে সম্মানের কাজ তুলে দেবো।

এ সময় পরিবর্তনের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ দেয়ার আহ্বান জানান জামায়াত আমির। এর নামই আগামীর বাংলাদেশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়