রাজশাহীতে শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে নিজ বিভাগ রাজশাহী পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী পৌঁছে নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানে করে রাজশাহীতে পৌঁছান। দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।
জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।
এরপর সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।
দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।