বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল

সংবাদের আলো ডেস্ক: সম্প্রতি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছিলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় বিক্ষভকারীদের উস্কে দেয়ার অভিযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের  বিরুদ্ধে। এছাড়াও বিক্ষোভে মোসাদের সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এরইমধ্যে ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল—এমন আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।  এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দাবি, ইসরায়েল ইরানে নতুনকরে হামলা চালানোর সুযোগ খুঁজছে। তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের এমন খামখেয়ালি পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

‘আমি আশা করি তারা ভিন্ন পথ বেছে নেবে। কিন্তু বাস্তবতা হলো—বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে,’ যোগ করেন তিনি। 

ফিদান জানান, সম্প্রতি তেহরান সফরে তিনি ইরানি কর্মকর্তাদের সরাসরি নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। বন্ধুত্বের খাতিরে তিক্ত সত্য বলার কথাও উল্লেখ করেন তিনি।

এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এসময় ইরানে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আঙ্কারা।

ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে একটি বড় নৌবহর। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের পথে রয়েছে।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হুমকি আর সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই জটিল হচ্ছে পরিস্থিতি। কূটনৈতিক সমাধানের পথ খোলা না থাকলে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়