সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সংবাদের আলো ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে সেপ্টেম্বরে দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, ‘এক মাসের মধ্যে দাবি না মানা হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাড়িভাড়া ভাতা শতকরা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার সুপারিশসহ একটি ‘ডিউ লেটার’ ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা মূলত বাড়িভাড়া ভাতার বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। মন্ত্রণালয় আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে, তবে জানিয়েছে—সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। এখন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাজেট সংশ্লিষ্ট আলোচনা চলছে।’
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, দাবি না মানলে আগামী মাস থেকে দেশজুড়ে এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালিত হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।