সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনার আট, নেই রিয়ালের কেউ

সংবাদের আলো ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্কোয়াডে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার ৮ জন খেলোয়াড় স্থান পেলেও জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের।

ঘোষিত এই স্কোয়াডে গত ইউরোতে দলের আর্মব্যান্ড পড়া আলভারো মোরাতাকে রাখা হয়নি। আর ইনজুরিতে থেকেও বিশ্বকাপ দলে আছেন লামিনে ইয়ামাল।

চোটের কারণে দানি কারভাহালের স্কোয়াডে না থাকাটা আগেই নিশ্চিত ছিল। অন্যদিকে, পায়ের হাড় ভেঙে যাওয়ায় গত সপ্তাহে সফল অস্ত্রোপচার হওয়া বার্সেলোনার ফের্মিন লোপেজেরও অনুমিতভাবেই দলে স্থান হয়নি।

তবে দলে থাকলেও ইনজুরির কারণে আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে সম্ভবত মাঠের বাইরেই থাকতে হচ্ছে দলের চালিকাশক্তি ইয়ামালকে। মাঝমাঠে অবশ্য যথারীতি থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি, গাভি ও পেদ্রি। আছেন ফ্যাবিয়ান রুইজ, ড্যানি ওলমোরাও।

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া স্পেন ইউরো ২০২৪ জিতে নিজেদের শক্তির জানান দেয়। এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে দে লা ফুয়েন্তের বাহিনীকে। গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দে ছাড়াও স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়