মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ছাই তিন কৃষকের স্বপ্ন 

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন কৃষকের ঘরের আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সারাজীবনের কষ্টে অর্জিত সম্পদ হারিয়ে পাগলপ্রায় ক্ষতিগ্রস্ত তিন কৃষক ও তার পরিবার।

সোমবার (২৩ জুন) সকালে সরিষাবাড়ি পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাউসি চন্দনপুর এলাকার কৃষক খোরশেদ আলমের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন কৃষক মফিজ উদ্দিন  ও হাকিম মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ততক্ষণে কৃষকের তিনটি বসতঘর, ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, ছেলে-মেয়েদের পড়ালেখার বইপত্র, পরিক্ষার এডমিট ও রেজিষ্ট্রেশন কার্ড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ উদ্দিনের স্ত্রী নাছিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী অসুস্থ। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনো রকম সংসার চলে তাদের।

যতটুকু সম্বল ছিলো আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। ছেলের অর্ধ বার্ষিকী পরিক্ষা দেবার ফ্রিস ছিলো সেই টাকাও পুড়ে গেছে। এস এস সি পরিক্ষা দিয়েছে মেয়ে তার রেজিষ্ট্রেশন কার্ড, ঘরের ধান, চাল স্বামীর চিকিৎসার টাকা সবই শেষ হয়ে গেলো।

অসুস্থ স্বামী, দুই সন্তান নিয়ে কই থাকবো কি খাবো আমাদের তো দুঃখের অন্ত নেই।   সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

আগুনে তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়