সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় প্রবাসী ​সন্তানের অসুস্থতার খবরে বাবার স্ট্রোক: আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘মানবতার ফেরিওয়ালা’র পিতা

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: সুদূর মরিশাসে গুরুতর অসুস্থ কৃতি সন্তান। আর সেই দুঃসংবাদ সইতে না পেরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন জন্মদাতা পিতা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে এখন শুধুই কান্নার রোল, পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাটিগ্রামের বিশিষ্ট সমাজসেবক ও মরিশাস প্রবাসী আকাশ মিয়া গত কয়েকদিন ধরে চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে মরিশাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এলাকায় ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে সুপরিচিত ও সদাহাস্যোজ্জ্বল এই ব্যক্তিত্বের হঠাৎ এমন অসুস্থতায় তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে চরম উদ্বেগ নেমে আসে।

​আকাশ মিয়া তাঁর ব্যক্তিগত অর্থায়নে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে অনন্য অবদান রেখেছেন। এলাকার অসহায়, গরীব-দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু হিসেবে তিনি সুপরিচিত। দূর প্রবাসে এই মানবিক ব্যক্তিত্বের অসুস্থতার খবর এলাকায় পৌঁছালে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের চোখে উদ্বেগের অন্ধকার নেমে আসে।

​তবে স্বস্তির খবর হলো, মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আকাশ মিয়ার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বিশ্রামে (বেডরেস্টে) আছেন।

​কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সন্তানের অসুস্থতার তীব্র মানসিক কষ্ট ও বুকভরা ব্যথা সহ্য করতে পারেননি তাঁর পিতা জাকির হোসেন মিয়া। প্রিয় ছেলের জন্য দুশ্চিন্তা, নির্ঘুম রাত আর নীরব কান্নার মাঝেই হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। গত ২২ মে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

​নিজের শরীর এখনও পুরোপুরি সুস্থ না হলেও, প্রবাস থেকে আকাশ মিয়ার কণ্ঠে এখন শুধুই আকুল আকুতি—তাঁর পিতা যেন সুস্থ হয়ে ফিরে আসেন। তিনি দেশ-বিদেশের আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়ার আর্তি জানানো হয়েছে।

​যে মানুষটি সারাজীবন অন্যের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে ছুটে বেড়িয়েছেন, আজ তাঁরই বাবার এই সংকটাপন্ন অবস্থায় পুরো আলফাডাঙ্গাবাসী যেন এক হয়ে প্রার্থনা করছেন। স্থানীয়দের বিশ্বাস, হাজারো মানুষের দোয়ার শক্তিতে মহান আল্লাহর রহমতে জাকির হোসেন মিয়া আবার সুস্থ হয়ে হাসিমুখে তাঁদের মাঝে ফিরে আসবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়