শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামায়াত স্লোগান দিয়ে দায়িত্ব শেষ করে না: আমির

সংবাদের আলো ডেস্ক:জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর প্রতিফলন লক্ষ্য করা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম হলো আমরা স্লোগান দিয়েই দায়িত্ব শেষ করি না বরং তা বাস্তবায়নের চেষ্টা করি। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১৩ এর ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাসূল (সা.) বলেছেন যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে কাজ করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম, শাহ আলম তুহিন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়