,

শিরোনাম

আলফাডাঙ্গায় মরিশাস প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ করায় স্বজনদের ওপর হামলা, আহত ৩

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মরিশাস প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও এলাকার পরিচিত মুখ আকাশ মিয়ার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানোর প্রতিবাদ করায় তার পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর আপন ভাই, বোন ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাঁচজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ছিরু খন্দকারের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মরিশাস প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে আপত্তিকর ও অপমানসূচক কথাবার্তা বলছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রবাসীর চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটু (৪০) বিষয়টি শুনতে পান এবং তাদের এমন মিথ্যা কুৎসা রটাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বাগ্‌বিতণ্ডা ও দাঙ্গার সৃষ্টি করেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছিরু খন্দকারের নেতৃত্বে কামরুল খন্দকার, হাবিব খন্দকারসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে উজ্জ্বল মিয়া নাটুর ওপর চড়াও হন। এ সময় তার মাথায় সজোরে কোপ মারা হলে তিনি গুরুতর ও রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে প্রবাসী আকাশ মিয়ার ভাই শাওন মিয়া ও বোন জোসনা বেগম এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালিয়ে আহত করেন।

​ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উজ্জ্বল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, আহত শাওন মিয়া ও জোসনা বেগম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়