নিখোঁজের ৫ দিন পর অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে কলাবাগানের ভেতর থেকে আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সমেশপুর তিন মাথার মোড়ের কিছুটা সামনে একটি কলাবাগানের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক মাটিচাপা অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত হারু শেখ। পেশায় তিনি একজন অটোভ্যান চালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তার সঙ্গে থাকা অটোভ্যানটির সন্ধান পাওয়া যায়নি।
শনিবার দুপুরে সমেশপুর তিন মাথা মোড় এলাকায় কলাবাগানের ভেতর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বেলকুচি থানা পুলিশ উপস্থিত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
নিহতের ছেলে মো. রাসেল মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বাবার এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, নিখোঁজ অটোভ্যান চালক আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অটোভ্যানটির সন্ধান পেতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।