অগ্নিকাণ্ড-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দু-একটি স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে রাতে দু-এক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যাত্রাবাড়ীর ঘটনাতেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন স্থানে পার্ক করে রাখা কিছু পরিত্যক্ত বাসে রাতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানান তিনি। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।