মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কামারখন্দে নেহারি-হালিম ব্যবসার আড়ালে চলছিল রমরমা মাদক ব্যবসা

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারের বিখ্যাত নেহারি-হালিম ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। পৃথক অভিযানে দুই ভাইকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামতৈল মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে মো. শাহিন প্রামানিক গত ৭ মে ২০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত ৬ জুন তার আপন ভাই মো. আনারুল ইসলামকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দুই ভাই দীর্ঘদিন ধরে জামতৈল বাজারে নেহারি-হালিমের ব্যবসা পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির নানা অভিযোগ থাকলেও সাম্প্রতিক দুটি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় অভিযোগগুলো নতুন করে আলোচনায় এসেছে।

এলাকাবাসী মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, ব্যবসার আড়ালে মাদক বেচাকেনা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, “পৃথক দুটি অভিযানে দুই ভাইকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কামারখন্দ থানা পুলিশের অবস্থান কঠোর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়