কালীগঞ্জে ইন্টারভিউগামী তরুণীকে টার্গেট করে ছিনতাই: চালকসহ গ্রেফতার ২
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার চালক ও তার সহযোগীদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসরাত আহমেদ শোভা (২৭) নামে এক তরুণী। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের তাৎক্ষণিক অভিযানে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও আইফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার মূল হোতা সিএনজি চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী জেলার পলাশ উপজেলার আলীরটেক এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে আরমান মিয়া (২৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সায়েল (২৮) ।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ৯টার দিকে নরসিংদী সদর থানার বাসিন্দা ইসরাত আহমেদ শোভা পরদিন টঙ্গীর একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। তিনি নরসিংদীর পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। পথে কালীগঞ্জ উপজেলার বালীগাঁও পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটি থামিয়ে দেয়। এ সময় এক সহযোগী সিএনজিতে উঠে শোভার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি স্বর্ণের আংটি এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স নিয়ে যায়। পরে তাকে কালীগঞ্জ বাইপাস মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
ঘটনার পর ভুক্তভোগী শোভা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে সন্দেহভাজন চালক আরমান মিয়াকে শনাক্ত করে।
পরদিন ৬ জুন সকালে কালীগঞ্জ ও পলাশ থানা পুলিশের যৌথ অভিযানে নরসিংদীর পলাশ এলাকা থেকে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের আংটি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়। পরে অপর সহযোগী সায়েলের বাড়ি থেকে ছিনতাই হওয়া আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (গাজীপুর-থ-১২-০৮১১) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯২/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রিয়াদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামি শায়ান ওরফে চয়ন (২৯)-কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে দ্রুত অভিযানের মাধ্যমে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এ তৎপরতা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।