,

শিরোনাম

বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা শাখার যৌথ উদ্যোগে বোয়ালমারী মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং আশপাশের বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর  ড. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক এবং আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন।

শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ অতিথির বক্তব্যে মুন্সি বিল্লাল হুসাইন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

​আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনন্দঘন ও উদ্দীপনামূলক এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়