বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে ৪ সিএনজি চালককে ৮ হাজার টাকা জরিমানা
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পৌর সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বেলকুচি থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বেলকুচি ও এনায়েতপুরগামী সিএনজিচালিত অটোরিকশাগুলোতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে চারজন সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমানো এবং গণপরিবহনে ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।