মানিকগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও!
মানিকগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত সজিব হত্যা মামলায় আটক আসামীর মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের শ’শ’নারী পুরুষ। সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে শতাধিক নারী-পুরুষ আটকৃত ব্যক্তিকে নির্দোষ দাবি করে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের থানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে তারা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে আদালত চত্বরে অবস্থান নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ঘটনা তদন্ত না করেই পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও পুটাইল ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুল আলিমকে আটক করে হত্যা মামলায় জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, গত শনিবার (৩০ মে) মধ্যরাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকার নাহিদ রহমান সজিব হোসেনকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গত রবিবার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব বাদী হয়ে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আলিমকে আটক করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, “আব্দুল আলিমকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী থানার সামনে এসে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করলে তারা এলাকা ত্যাগ করেন।” সুষ্ঠু তদন্ত করে সজিব হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।