নৌপথের ঐতিহ্য ফিরিয়ে আনলে সুফল ভোগ করবে জনগণ: নৌ প্রতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্য রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরনো ঐতিহ্য ফিরে আসবে। এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ।
রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন করতে পারি এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথগুলো সচল রাখতে পারি, তাহলে নৌপথ আবারও মানুষের আস্থার বাহনে পরিণত হবে। আমরা চাই নৌপথ তার হারানো ঐতিহ্য ফিরে পাক।
শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে তিনি বলেন, পুরনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সচল থাকলেও বাকি স্টিমারগুলো নৌপথে চলাচলের জন্য উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। তবে এসব ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্পভাবে কীভাবে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করা যায়, সে বিষয়েও আমরা চিন্তা করছি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় কাজ করে যাবে। নৌপথকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।