নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষ একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও দুই মেয়ে রয়েছেন। এছাড়া আহত অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা শহর থেকে ছেড়ে আসা চল্লিশাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী স্মৃতি আক্তার (১৬) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নূরজাহান বেগম (৩৩) ও তার মেয়ে ইতি আক্তারকে (১০) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত নূরজাহান বেগম সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আইনুল হকের স্ত্রী। নিহত স্মৃতি ও ইতি তার দুই মেয়ে।
এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক রেহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।