‘শেখ মুজিবের চৌদ্দগোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই’
সংবাদের আলো ডেস্ক: নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, শেখ মুজিবুর রহমান সাহেবের চৌদ্দগোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই, কিন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হিসেবে কৃতিত্ব নিতে চায়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে শিবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীন বাংলাদেশ চায়নি। ৭০ এর নির্বানে বিজয়ী হয়ে তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতার কথা বলেননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শেখ মুজিবর রহমান নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় কারাবরণ করে যখন পাকিস্তানে অবস্থান করছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আসল মুক্তিযুদ্ধের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মধ্যে যতজন মুক্তিযোদ্ধা আছেন আওয়ামী লীগের মধ্যে তার অর্ধেকও নাই। শেখ মুজিবর রহমান বাকশাল গঠন করে একদলীয় শাসনব্যবস্থা করেছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
মনজুর এলাহী আরো বলেন, আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল। নব্বই শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আওয়ামী লীগ চায়নি বলে মন্তব্য করেছেন। শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নাম দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের নামের সাথে ইসলাম নামগুলো মুছে সলিমুল্লাহ হল এবং কবি নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল কলেজ নাম রেখেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে শেখ হাসিনা তাঁর শাসনামলে আলেম ওলামাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।