সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর সড়কের যমুনা ডিগ্রি কলেজের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু !
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামগাতী গ্রামের বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের যমুনা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সিরাজগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বেলকুচিগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা মর্জিনা বেগম ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে সেখানে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। আমরা বিষয়টি নিয়ে যোগাযোগ করছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, নিহত নারীর বিষয়ে প্রাথমিকভাবে এর বেশি তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ, সংশ্লিষ্ট যানবাহন ও চালকদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।