পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
সংবাদের আলো ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে কার্য সম্পাদনে সহায়তা করবেন।
এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্য যে কোনো বিষয় দেখভাল করবেন।
আর প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ দেখবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।
পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।