বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আধা ঘণ্টায় ৯৪ লাখ হিট, শেষ পশ্চিমাঞ্চলের ২৪ মে’র ট্রেনের সব আসন

সংবাদের আলো ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় ২৪ মে’র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে সব আসন শেষ হয়ে যায়। আর টিকিট বিক্রির প্রথম আধা ঘণ্টায় ওয়েবসাইট ও অ্যাপে ৯৪ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।

বেলা সোয়া ১১টার পর টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের ৫টি ট্রেনের সব আসন, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি ট্রেনের সব আসন, ঢাকা-কুড়িগ্রাম রুটের ২টি ট্রেনের সব আসন, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি ট্রেনের সব আসন এবং ঢাকা-খুলনা রুটের ৩টি ট্রেনের সব আসন বিক্রি হয়ে গেছে।

দুপুর ২টায় আগামী ২৪ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। 

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সুবিধার্থে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ট্রেনের শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। 

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩২ হাজার ২১৯টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের মোট আসন ১৬ হাজার ২৪৫টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের মোট আসন ১৫ হাজার ৯৭৪টি। আর সারা দেশের ট্রেনগুলোর মোট আসন সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৭৫৭টি। 

ঈদ উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়