বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সীমান্ত রক্ষা না পারলে আপনি ভুয়া জাতীয়তাবাদী, সরকারকে পাটওয়ারী

সংবাদের আলো ডেস্ক: সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়। 

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং সীমান্ত হত্যা বন্ধে কোনো উদ্যোগও নেই জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী।

তিনি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সব বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়। 

নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজিবি থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব, বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ মারা যেত। পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি আমরা সরকার গঠন করি সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুবসমাজকে নষ্ট না করতে পারে। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে। অনেক সংসদ সদস্য এর সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মাদকের সঙ্গে জড়িত না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়