সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সোমবার (৪ মে) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সরকারপাড়া আহমেদ শরিফের বাড়িন নিকট কালভার্ট হতে বড়াল নদী পর্যন্ত এবং জামনগর ইউনিয়নের পুকুরপাড়া আহাদের জমির নিকট হতে বড়াল নদী গামী  এ দুটি খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে ভবিষ্যতে এ অঞ্চলে পানির সংকট অনেকাংশে দূর হবে। তিনি বলেন, সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, কারণ গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে।

তিনি আরও বলেন, মাছ চাষ, পানি ব্যবস্থাপনা ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এতে দেশের মানুষের জীবনমান উন্নত হবে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমবে।

নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যেখানে নারীদের অংশগ্রহণ বেশি থাকবে। লালপুর-বাগাতিপাড়া এলাকায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

এছাড়া তিনি এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মাংস ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়