শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে বিশ হাজার মানুষের মানববন্ধন ও সমাবেশ
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরের কামারের চরের দুর্গম চলাঞ্চলের ৬ নং চরে দশানী নদীর উপর ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণসহ নানা উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। আজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় ওই মানববন্ধনে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার নারী পুরুষ। এসময় কৃষক, স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ীসহ আড়াই শত ঘোড়ার গাড়ি অংশ নেয়।
মানববন্ধনে স্থানীয়রা জানান, শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের কামারের চর বাজার হতে ৬ নং চর পর্যন্ত বন্যামুক্ত উঁচু পাকা রাস্তা নির্মাণ, দশআনী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ, গোয়ালপাড়া মোড় থেকে ৬ নং চর তিন নদীর মোহনা হয়ে ভাটিপাড়া খেয়াঘাট পর্যন্ত বন্যামুক্ত পাকা রাস্তা নির্মাণ, নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ ৬ নং চর, গোয়ালপাড়া ও পয়ান্তির চরের অবকাঠামোগত উন্নয়নের দাবীতে তারা বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
স্বাধীনতার পর থেকে এই চরাঞ্চলের মানুষ অবহেলিত হয়ে আসছে। বর্ষায় দুই মাস তলিয়ে থাকে এই এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি। এছাড়া প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষ ভাঙ্গা রাস্তা দিয়ে কর্মক্ষেত্র ও স্কুল-কলেজে যাতায়াত করেন। পাশাপাশি এই চরাঞ্চলের কৃষকরা তাদের শতশত টন উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে শহরে নিয়ে বিক্রি করতে পারেন না। ফলে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা।
স্থানীয়রা আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজের কারনে ৬নং চরের এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বেশ কয়েকটি গ্রামের আরো প্রায় বিশ হাজার মানুষ চলাচল করে। ফলে এই সড়ক পাকা করণ এবং ব্রীজ নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। তাই বর্তমান বিএনপি সরকারের কাছে দ্রুত এই সড়ক ও ব্রীজ নির্মাণের জোড় দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে কামারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নওয়াব আলী, জনতা ব্যাংক কর্মকর্তা মো: কামরুজ্জামান কামাল, ঢাকা গণপূর্ত প্রকল্প সার্কেল-১ এর এর সহকারী প্রকৌশলী মো: সাফায়েত জামিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সেকশন অফিসার মো: মোস্তাফিজুর রহমান, সহকারী সার্জন ডা: কামরুল ইসলাম, এডভোকেট মো: মেহেদী হাসান পাপুল, সার্জেন্ট (অব) মো: জহুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও সমাবেশ শেষে স্থানীয় নেতৃবৃন্দরা শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।