আম পাড়ার প্রলোভনে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, অভিযুক্ত স্কুলছাত্র গ্রেপ্তার
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত নবম শ্রেণির এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল।
এ সময় একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্র তাকে আম পেড়ে দেওয়ার কথা বলে নির্জন এক বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে আম ও ফুল দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা জানান, শিশুটির শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে। এদিকে সন্তানের এমন অবস্থায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুরাও নিরাপদ নয়! এই পাশবিকতার দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্তের ফাঁসি চাই।” ঘটনার পর শুক্রবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।