মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে ৩ স্থানে বিস্ফোরণ, ইসরাইলে জরুরি অবস্থা জারি

সংবাদের আলো ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানীর একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, ইরানের বিরুদ্ধে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই প্রেক্ষিতে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরাইল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়।

এদিকে, ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে।

বার্তায় বলা হয়, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্র সম্পর্কে সচেতন থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে।

এর আগে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফা আলোচনা শেষে ইরানের পরমাণু আলোচনায় তাদের আচরণে তিনি ‘সন্তুষ্ট নন’।

জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়।

ট্রাম্প বলেন, আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে আলোচনা করছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে—এর কাছাকাছি কেউ নেই। আমি চাই না সেটি ব্যবহার করতে। কিন্তু কিছু পরিস্থিতিতে তা ব্যবহার করতেই হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়