বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’

সংবাদের আলো ডেস্ক: রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য মেরুদণ্ডহীন হয়েছে। ফকির, মিসকিন, বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

এবি পার্টির এই নেতা বলেছেন, আমাদের দেশের বুদ্ধিজীবী, গোলাম মিডিয়া ও রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতি-তরুণদের সামনে বন্ধু বেশে গত ৫৪টা বছর পেশ করেছে। সেটা করার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘যারা শত্রু চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না— ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা। তারা প্রত্যেক পাড়া-মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কীভাবে আজাদির সাথে বেঈমানি করে, গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে’

বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না উল্লেখ করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশের সাংবাদিক-সুশীলরা এ দেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না।

তিনি বলেন, ‘যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল কথা। এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ। এটাই হচ্ছে বাংলাদেশ দুই (বাংলাদেশ ২.০)। সেই বাংলাদেশ দুইয়ের লড়াইয়ে একটা-দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়