বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কাটা পিস্তল ও গুলি উদ্ধার।
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি কাটা পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার ৩১ থেকে আনুমানিক ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি কাটা পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা চোরাচালান প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।