রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর
সংবাদের আলো ডেস্ক: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে তার কবর।
পাইলট সাগরের চাচা মতিউর রহমান বলেন, ‘গতকাল মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে।’
এদিকে সকাল থেকেই শুরু হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। সকাল ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায়, মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।
কবর খননকারীরা বলেন, ‘এটি হবে পাইলটের কবর। সকাল থেকেই আমরা কয়েকজন এটি প্রস্তুতের কাজ শুরু করেছি।’
গতকাল দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়। মুমূর্ষু অবস্থায় তৌকিরকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইএসপিআর জানায়, বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, তবে এটি যুদ্ধের জন্য প্রস্তুত একটি যুদ্ধবিমান ছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।