মাইলস্টোনে তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা, সঙ্গে আছেন প্রেস সচিবও
সংবাদের আলো ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তার পথরোধ করেন। তাকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।
পরে আইন উপদেষ্টা মাইলস্টোনের ভবন-৫ এ যান। সেখানে বৈঠকে বসেছেন। আর শিক্ষার্থীরা বাইরে বিক্ষোভ করছেন।
ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার লাইভে এ খবর জানিয়েছেন বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান। তিনি জানিয়েছেন, দুই উপদেষ্টা এখনো স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি।
আজ সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে তারা দু’জন ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে “ভুয়া ভুয়া” স্লোগান দেয়।
উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের রাগের অন্যতম প্রধান কারণ, তারা এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেইসঙ্গে, শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।
জানা গেছে, তারা এখন ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সেজন্য ইতোমধ্যে মাইকও আনা হয়েছে।
এদিকে, ছয় দফা দাবিতে দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উত্থাপিত ৬টি দাবি হলো –
১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।