,

শিরোনাম

দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ

সংবাদের আলো ডেস্ক: চুয়াডাঙ্গার শেখপাড়ার একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেয়ালে লেখা স্লোগানগুলো। স্থানীয়দের অভিযোগ, এর আগের দিন বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জন্মদিন উদযাপন করতে ওই গলিতে যায়। পরে তারাই বসতবাড়ির দেয়ালে এসব স্লোগান লেখে। ঘটনাটি জানাজানি হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়।

সরেজমিনে দেখা যায়, শেখপাড়ার ওই গলির একটি বসতবাড়ির প্রাচীরে কালো ও সাদা রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ লেখা ছিল। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকাল দিনের বেলায় স্কুলের ছাত্রীরা এসে দেয়ালে এসব স্লোগান লিখেছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন কাজ করবে, তা মোটেও আশা করা যায় না।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়ে জানার পর তিনি জেলা প্রশাসককে অবহিত করেন। পরে তার নির্দেশে বিদ্যালয়ের সহায়কদের মাধ্যমে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় কারা জড়িত এবং শিক্ষার্থীরা কেন এমন কাজ করেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারো নির্দেশনা বা প্ররোচনায় তারা দেয়ালে এসব স্লোগান লিখেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়