,

শিরোনাম

এক সপ্তাহ বিক্ষোভের পর কাজে ফিরছেন গাজীপুরের শ্রমিকেরা

সংবাদের আলো ডেস্ক: মজুরি বৃদ্ধির দাবিতে টানা প্রায় এক সপ্তাহ  শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার কোনো সড়ক বা মহাসড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। এ সময় দলবদ্ধভাবে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আরিফ হোসাইন। তিনি জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। অল্প কিছু কারখানা আগে থেকেই বন্ধ রয়েছে। এ ছাড়া বাকি সব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। নতুন করে কোনো কারখানা ছুটি ঘোষণার খবরও পাওয়া যায়নি।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে অনেক কারখানা কর্তৃপক্ষ ছুটিও ঘোষণা করে।

তবে ছয় দিনের বিক্ষোভের পর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়