গভীর রাতে বিধবার ঘরে মসজিদের ইমাম, ১০ লাক্ষ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীর ঘর থেকে ‘আপত্তিকর অবস্থায়’ স্থানীয়দের হাতে আটক হওয়া মসজিদের ইমাম মো. সেলিম ওই নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিন শর্তে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইল পাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা সেখানে গিয়ে তাকে আটক করেন।
মসজিদের একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, মো. সেলিম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। এমন ঘটনায় তারা বিব্রত।
স্থানীয় বাসিন্দারা জানান, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম মো. সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় আলোচনা ছিল।
অভিযোগের বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, গত দেড় মাস ধরে মুঠোফোনে তাদের যোগাযোগ হয়। যোগাযোগের একপর্যায়ে গত রাতে তিনি ওই বাসায় আসেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে।
শানু বেগম বলেন,আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা শেষে ১০ লাখ টাকা কাবিন শর্তে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর ইমাম মো. সেলিম তাকে নিজ বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন,বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।