,

শিরোনাম

ভিসি পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে শাটডাউন, মূল ফটকে তালা

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি পরিবর্তনের প্রতিবাদে এবং সদ্য সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে করে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এ সময় নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানান তারা। গতকাল সোমবার রাতে নতুন ভিসি হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।

এরপরেই অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি দফতরে তালা ঝুলিয়ে দেন।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার দুই মাস পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়