শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে’

সংবাদের আলো ডেস্ক: আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি হোটেলের হলরুমে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি ব্যর্থ। প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সব ক্ষেত্রেই বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি ইতোমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় বসার পর ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা দেখছি, মব জাস্টিস বেড়েছে। শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নির্বাচিত সরকার আসার পরও এসব পরিস্থিতির উন্নতি হয়নি।

তিনি বলেন, কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার খালি পড়ে থাকছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসকের তোলা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমি ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল, তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি। উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। আমি উনার ( জেলা পরিষদের প্রশাসক) বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম, তিনি টেনেটুনে এসএসসি পাস করেছেন। ইচ্ছে করেই অন্যান্য উপজেলাগুলোর সঙ্গে একটা বিরোধ সৃষ্টির জন্য এমন অভিযোগ তোলা হয়েছে। অথচ সব উপজেলাতেই উন্নয়ন বরাদ্দ গেছে কমবেশি।

এসময় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়