আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলীর জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে আলফাডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে জানাজার পূর্বে ফরিদপুর থেকে আগত পুলিশের একটি চৌকস দল এবং আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমানের নেতৃত্বে মরহুমের কফিনে সশস্ত্র সালাম ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বাজিয়ে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপজেলার বুড়াইচ মিয়া বাড়ি মাদ্রাসা গোরস্তানে তাঁর মরদেহ দাফন করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর সদরে অবস্থিত শ্রীরামপুর নিবাসী বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে (রাত ২:৩০ মিনিট) ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন স্থানীয় এলাকাবাসী ও সহযোদ্ধারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।