রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার
সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের দুই সংরক্ষিত নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শিমুল শেখের নেতৃত্বে একটি অভিযান দল জেলার পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনের পাকা সড়ক থেকে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করে।
পরবর্তীতে রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তারা দুজনেই মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য; এর মধ্যে হামিদা খাতুন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
ডিবি পুলিশের ওসি জানান, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতার হওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।