সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বড়। একই সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কালচারাল ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে আমাদের গর্বের জায়গাগুলো অক্ষুণ্ন রাখার দায়িত্বও আমাদের।’
সরকারের দায়িত্ব গ্রহণের সময়কে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ১০০ শতাংশ চেষ্টা করছি। ভুলত্রুটি সবারই হতে পারে। তবে নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই শক্ত অবস্থানে আছি। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের নির্দেশনা হলো, দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়া।’
সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদ মাধ্যম থেকে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য মানুষ জানতে পেরেছে। জুলাই আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। সব দিক থেকেই তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
আন্দালিভ রহমান আরও বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলে না যাই।’
গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগ, রাজনীতি, সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতে সময় লাগবে। ড্যামেজগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা, এই জিনিসগুলোতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে।
আল্লাহর ওপর বিশ্বাসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যখনই আপনি ভালো কিছু করতে চাইবেন, আল্লাহর একটা রহমত আপনার ওপরে থাকবে। আপনার ইনটেনশন যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা একটা ডিভাইন ব্লেসিং দিয়ে দেন।’
কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে মন্ত্রী বলেন, এটি একটি টিমওয়ার্ক। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজের বিষয়ে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের অন্যতম দায়িত্ব। জনগণের জানার একটা রাইট আছে যে আমরা কী করছি। তারা আমাদের ভোট দিয়েছেন। আমরা কী করছি, সেটাই জনগণের কাছে পৌঁছে দিতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।