,

শিরোনাম

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিগগিরই আসছে নতুন নীতিমালা: শিক্ষা প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দেশের তিনটি বিভাগে। বাকি বিভাগগুলোতেও এই কর্মশালা সম্পন্ন করা হবে চলতি মাসের মধ্যেই। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যেই প্রণয়ন করা হবে নতুন নীতিমালা।

আজ রবিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ভালো ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। 

প্রতিমন্ত্রী এরপর বলেন, উচ্চশিক্ষার যে বাংলাদেশ আমরা গড়তে চাই, সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক সবাই কাজ করছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, সেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে তার প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা। 

ববি হাজ্জাজ আরও বলেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালার মূল লক্ষ্য মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চায়, তার নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো এবং কর্মকর্তাদের দেওয়া ফিডব্যাকের আলোকে নতুন নীতিমালা প্রণয়ন। এর ভিত্তিতে আমাদের সকল কর্মকর্তা পরবর্তী কার্যক্রম পালন করবে। সেই আলোকে আমাদের প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা, উপজেলা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়