বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার ১৫ ঘন্টার মধ্যে আবারও বন্ধ
সংবাদের আলো ডেস্ক: বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিট কোল মিল মেরামতের পর চালু হওয়ার ১৫ ঘণ্টার মধ্যে শনিবার (২৫ এপ্রিল) আবারও বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হওয়ার কারণ হিসেবে বয়লারের টিউব ফেটে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ কেন্দ্রটির মহাব্যবস্থাপক আবু বক্কর জানান, অতি পুরাতন যন্ত্রাংশ হওয়ায় ঘন ঘন কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। প্রায় এক হাজার ডিগ্রি তাপমাত্রায় পরিচালিত বয়লার টিউব ঠান্ডা হওয়ার পরই মেরামতের কাজ শুরু করা হবে। এতে ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগেও মেরামত সম্পন্নের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে কয়লার সঙ্গে আসা পাথরের কারণে কোল মিল ক্ষতিগ্রস্ত হওয়ায় গত বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা ২ মিনিটে ইউনিটটি বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীদের প্রচেষ্টায় কোল মিল মেরামত শেষে শুক্রবার রাত ৯টায় পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে ইউনিটটি। তবে রাত ৩টার দিকে বয়লার টিউব ফেটে গেলে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। উচ্চ তাপমাত্রার কারণে বয়লার দ্রুত মেরামত করা সম্ভব হচ্ছে না। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিটের মধ্যে ২ নং ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াটের ৩ নং ইউনিটটি ২০২৫ এর অক্টোবর থেকে বন্ধ রয়েছে। তবে, ২৭৫ মেগাওয়াটের ৩য় ইউনিটটির ওভারহোলিং কাজ সম্পন্ন করেছে চুক্তিবদ্ধ চীনা কোম্পানি। কর্তৃপক্ষ আশা করছে, আগামী মে মাসের মধ্যে ইউনিটটি আবার উৎপাদনে আসবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।