বেলকুচিতে মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদন্ড !
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীর দোকান থেকে মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়াও মজুত করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এবং মজুত করার অপরাধে দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে কারাদন্ড প্রদান করেন। পরে ১৭৪৪ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করা হয়েছিল।
অভিযান চালিয়ে দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল রাখার অপরাধে ব্যবসায়ীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।